| ছবি: সংগ্রহীত
রাঙামাটি দুর্গম জুরাছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে পাচারের সময় দু'টি মিনি পাওয়ার টিলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৭ জুন) দুপুরের দিকে বিজিবির কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধীনস্থ দুমদুম্যাছড়া বিওপির একটি টহলদল এই অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা যায়, দুমদুমম্যাছড়া বিওপির কমান্ডার নায়েব সুবেদার মো. আমিরুল কাউসারের নেতৃত্বে বিজিবির টহলদলটি তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালাচ্ছিল। অভিযানের এক পর্যায়ে দুমদুম্যাছড়া বিওপির চেকপোস্ট এলাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় আনুষঙ্গিক সরঞ্জামাদিসহ দু'টি মিনি পাওয়ার টিলার হাতেনাতে জব্দ করা হয়। জব্দকৃত এই কৃষি যন্ত্রপাতিগুলোর আনুমানিক সিজারমূল্য ৪ লাখ টাকা বলে জানানো হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে জব্দকৃত মালামাল দ্রুত কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং রাষ্ট্রীয় সম্পদ পাচার রোধে বিজিবি সর্বদা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির এই কঠোর অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে যোগ করেন তিনি।