চট্টগ্রামের আনোয়ারার বারখাইনে প্রেমিকার বিয়ের আসরে প্রেমিকের বিষপানে আত্মহত্যার চেষ্ঠার করেছেন মো. সাহাব উদ্দিন (২৫) নামের যুবক। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যেও সৃষ্টি হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের সৈয়দ কুচিয়া এলাকার হাশেম মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় সাহাব উদ্দিনকে প্রেমিকা রোকসানার স্বজনরা মারধরও করেন বলে জানিয়েছে আহতদের স্বজনরা। পরে আনোয়ারা থানা পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে মূমূর্ষ অবস্থায় সাহাব উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সাহাব উদ্দিন রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের মো. ইয়াছিনের ছেলে। সাহাব উদ্দিন ও তার পরিবার সূত্র জানায়, বারখাইন ইউনিয়নের সৈয়দকুচিয়া গ্রামে হাশেম মেম্বারের বাড়ির রোকসানা আকতার (২০) নামের এক মেয়ের সঙ্গে সাহাব উদ্দিনের চার বছরের প্রেমের সম্পর্ক। গত সপ্তাহে হঠাৎ করে রোকসানার পরিবার অন্যত্র বিয়ে ঠিক হলে বিষয়টি সাহাব উদ্দিন দুই পরিবারকে বুঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। শুক্রবার দুপুরে রোকসানার বিয়ের আসরে প্রেমিক সাহাব উদ্দিন গিয়ে উপস্থিত হয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। এসময় রোকসানের স্বজনরা সাহাব উদ্দিনকে মারধর করে বাড়ির বের করে দেয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে সাহাব উদ্দিনের বড় ভাই নঈম উদ্দিন অভিযোগ করে বলেন, ‘আমার ভাইয়ের সাথে ওই মেয়ের সম্পর্কেও কথা জানার পর মেয়ের ভাইকে আমি প্রস্তাব দিয়েছি। কিন্ত তারা সে প্রস্তাব প্রত্যাখান করে। শুক্রবার দুপুর ৩ টার দিকে আমরা জানতে পারলাম বিয়ের আসরে আমার ভাইকে মারধর করে হাসপাতালে নিয়ে গেছে। আমরা হাসপাতালে গিয়ে দেখি তার মুখে বিষের গন্ধ, আমরা দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এখনও তার অবস্থা আশঙ্কাজনক।’ আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাহাব উদ্দিন নামের এক যুবককে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার স্বজনরা উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে গেছে।’