প্রকাশ :: ... | ... | ...

পাচারের আগমুহূর্তে সেগুন কাঠ জব্দ


সংযুক্ত ছবি

| ছবি: সংগ্রহীত

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন পদুয়া রেঞ্জের বড়দুয়ারা বিট কাম চেক স্টেশনের সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে কাটা ও পাচারের উদ্দেশ্যে মজুদ করে রাখা বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ করেছে বন বিভাগ। এ ঘটনায় বনজ সম্পদ রক্ষায় বন বিভাগের তৎপরতা নতুন করে আলোচনায় এসেছে। রবিবার (১৯ এপ্রিল) রাত ১টার দিকে সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব মহালিয়া গ্রামের চিতামুড়া এলাকার সংরক্ষিত বনাঞ্চল থেকে এসব সেগুন কাঠ জব্দ করা হয় স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র পাহাড়ি বনাঞ্চল থেকে মূল্যবান সেগুন, গর্জন ও আকাশমণি গাছ কেটে বিভিন্ন জায়গায় মজুদ করে আসছিল। পরে সুযোগ বুঝে এসব কাঠ উপজেলার বিভিন্ন করাতকলে পাচার করা হতো। খবর পেয়ে বন বিভাগের একটি দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ করেন। অভিযানকালে কাঠগুলো বিভিন্ন আকারে কাটা ও প্রক্রিয়াজাত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, এগুলো বাজারজাত করার জন্য প্রস্তুত করা হচ্ছিল। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট চক্রের মূলহোতারা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে বন বিভাগ। নাম প্রকাশ না করার শর্তে চিতামুড়া এলাকার একাধিক বাসিন্দা বলেন, সম্প্রতি আমাদের এলাকায় বন উজাড়ের ঘটনা বেড়েছে। বিশেষ করে আকাশমণি ও সেগুনসহ বিভিন্ন মূল্যবান গাছ নির্বিচারে কেটে ফেলার কারণে পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়ছে। এতে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ার পাশাপাশি ভূমিধসের ঝুঁকিও বাড়ছে। এসব কাজে বিভিন্ন সময় বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও বনপ্রহরীদের যোগসাজশের গুঞ্জন শোনা গেছে। তাদেরকে কঠোর নজরদারির পাশাপাশি জবাবদিহির আওতায় আনা গেলে কাঠ পাচার সম্পূর্ণ বন্ধ হবে। স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, বন রক্ষা শুধু সরকারের একার দায়িত্ব নয়। এক্ষেত্রে স্থানীয় জনগণসহ সকলের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। অবৈধভাবে গাছ কাটা ও কাঠ পাচারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলেই টেকসই পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। বড়দুয়ারা বিট কাম চেক স্টেশন কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৫০ ফুট সেগুন কাঠ জব্দ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে মামলা দায়ের করা হবে। পদুয়া রেঞ্জ কর্মকর্তা মো. রিয়াদুর রহমান ভূঁইয়া বলেন, বনের সম্পদ রক্ষায় আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। অবৈধভাবে গাছ কাটা ও কাঠ পাচারের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জড়িতদের সনাক্ত করে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করতে স্টেশন কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।