| ছবি: সংগ্রহীত
মাছ চাষে অসামান্য সাফল্য অর্জন করে জাতীয় পর্যায়ে স্বর্ণপদক লাভ করায় খাগড়াছড়ির দীঘিনালার মৎস্যচাষি মোঃ শাহ জাহান মিয়াকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়েছে। গাউছিয়া কমিটি বাংলাদেশ, দীঘিনালা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে শাহ জাহান মিয়ার এমন গৌরবময় অর্জনের জন্য তাঁকে অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সুমন উদ্দিন আনু, সাধারণ সম্পাদক, গাউছিয়া কমিটি বাংলাদেশ, দীঘিনালা উপজেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল খালেক, সভাপতি, ৩নং কবাখালী ইউনিয়ন বিএনপি; মোঃ বাচ্চু মিয়া, সহ-সভাপতি এবং নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ, গাউছিয়া কমিটি বাংলাদেশ, দীঘিনালা উপজেলা শাখা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক, গাউছিয়া কমিটি বাংলাদেশ, দীঘিনালা উপজেলা শাখা। স্বর্ণপদকপ্রাপ্ত মৎস্যচাষি শাহ জাহান মিয়া তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। তিনি আমার কাজের মূল্যায়ন করে আমাকে সম্মানিত করেছেন। এই স্বীকৃতি আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। জাতীয় পর্যায়ে পাওয়া এ সম্মান আমাকে ভবিষ্যতে আরও ভালোভাবে মাছ চাষে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।” বক্তারা বলেন, প্রত্যন্ত পাহাড়ি জনপদ দীঘিনালা থেকে জাতীয় পর্যায়ে মাছ চাষে সাফল্য অর্জন করে স্বর্ণপদক লাভ করা অত্যন্ত গৌরবের বিষয়। শাহ জাহান মিয়ার এ অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, এটি দীঘিনালা উপজেলার মৎস্যখাতের জন্যও একটি বড় স্বীকৃতি। তারা আরও বলেন, কঠোর পরিশ্রম, নিষ্ঠা, অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে শাহ জাহান মিয়া মাছ চাষে যে সফলতা অর্জন করেছেন, তা স্থানীয় মৎস্যচাষিদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর সাফল্য দেখে তরুণ উদ্যোক্তারাও মাছ চাষে আগ্রহী হবেন বলে আশা প্রকাশ করেন বক্তারা। উল্লেখ্য, জাতীয় মৎস্য পদক-২০২৬-এ মাছ চাষে বিশেষ সাফল্যের স্বীকৃতি হিসেবে মোঃ শাহ জাহান মিয়া স্বর্ণপদক অর্জন করেন। তাঁর এ অর্জনে দীঘিনালা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। অনুষ্ঠানের শেষে গাউছিয়া কমিটি বাংলাদেশ, দীঘিনালা উপজেলা শাখার পক্ষ থেকে শাহ জাহান মিয়াকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয় এবং তাঁর ভবিষ্যৎ সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।