প্রকাশ :: ... | ... | ...

তিন ঘণ্টার বৃষ্টিতে ডুবে গেল ইয়াসমিনের স্বপ্নের খামার, মারা গেছে দেড় হাজার মুরগি


সংযুক্ত ছবি

| ছবি: মোঃ হাচান আল মামুন

খাগড়াছড়ির দীঘিনালায় আকস্মিক ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মাত্র তিন ঘণ্টার বৃষ্টিতে পানিতে ডুবে গেছে ইয়াসমিন আক্তারের মুরগির খামার। এতে খামারে থাকা প্রায় দেড় হাজার সোনালি মুরগি মারা গেছে। মারা যাওয়া মুরগিগুলোর বয়স ছিল ২২ থেকে ২৫ দিন। ইয়াসমিন আক্তার উপজেলার জামতলী শুদিল মেম্বারপাড়ার বাসিন্দা। তিনি প্রায় ১২ বছর ধরে মুরগির খামার করে আসছেন। তবে দীর্ঘ এই সময়ে এমন ক্ষয়ক্ষতির মুখে কখনো পড়েননি বলে জানান তিনি। শুক্রবার রাতে ভারী বৃষ্টির পর শনিবার সকালে ঘুম থেকে উঠে খামারে পানি দেখতে পান ইয়াসমিন। আগের রাতে মুরগিগুলোকে খাবার দিয়ে তিনি ঘুমাতে যান। সকালে উঠে দেখেন, খামারের ভেতরে পানি ঢুকে গেছে। অল্প সময়ের মধ্যেই পানি বেড়ে যাওয়ায় মুরগিগুলো সরিয়ে নেওয়ার সুযোগ পাননি তিনি। ইয়াসমিন আক্তার বলেন, “প্রায় ১২ বছর ধরে মুরগির খামার করছি। এর আগে কখনো এমন ক্ষতির মুখে পড়িনি। এক রাতের বৃষ্টিতে আমার দেড় হাজার মুরগি মারা গেছে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি সর্বস্বান্ত হয়ে পড়েছি।” স্থানীয়রা জানান, শুক্রবার রাত থেকে টানা ভারী বৃষ্টিতে দীঘিনালার বিভিন্ন নিম্নাঞ্চলে দ্রুত পানি বাড়তে থাকে। এতে বসতঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন খামারে পানি ঢুকে পড়ে। আকস্মিক বৃষ্টিতে দুর্ভোগে পড়েন নিম্নাঞ্চলের বাসিন্দারা। স্থানীয়দের দাবি, এ ধরনের আকস্মিক বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত খামারিদের পাশে দাঁড়াতে সরকারি সহায়তা প্রয়োজন। বিশেষ করে ক্ষুদ্র খামারিরা একবার বড় ধরনের ক্ষতির মুখে পড়লে তাদের পক্ষে পুনরায় ব্যবসা শুরু করা কঠিন হয়ে পড়ে।