প্রকাশ :: ... | ... | ...

দীঘিনালার প্রবাসফেরত রবিউলের প্রাইভেটকারে ডাকাতি, নগদ টাকাসহ  গেল পাসপোর্ট-আকামা


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

তিন বছর পর বিদেশ থেকে দেশে ফিরে প্রাইভেটকারে করে ঢাকা থেকে খাগড়াছড়ি দীঘিনালার বাড়িতে ফেরার পথে কুমিল্লায় ডাকাতির শিকার হয়েছেন মোঃ রবিউল ইসলাম। গাড়ির চাকা পাংচার করে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর কাছে থাকা নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে একটি সংঘবদ্ধ ডাকাতদল বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি কুমিল্লা সদর দক্ষিণ থানার আওতাধীন সোহাগাজী গ্যাস পাম্পের আগে মাটিয়ারা এলাকায় ঘটেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী রবিউল ইসলাম। রবিউল ইসলামের ভাষ্য, ঢাকা থেকে প্রাইভেটকারে করে খাগড়াছড়ি দীঘিনালার উদ্দেশে রওনা হয়ে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা গাড়ির সামনে পেরেকজাতীয় বস্তু ছুড়ে দেয়। এতে গাড়ির একটি চাকা পাংচার হয়ে যায়। পরে গাড়ি থামিয়ে চাকা পরিবর্তনের চেষ্টা করার সময় ৮ থেকে ১০ জনের একটি ডাকাতদল রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা তাঁর পাসপোর্ট, বিমানের টিকিট, দুই বছরের আকামার কাগজপত্র, আইফোনসহ মোবাইল ফোন এবং নগদ প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ করেন রবিউল। রবিউল ইসলাম খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্য বোয়ালখালী এলাকার বাসিন্দা। দীর্ঘ তিন বছর পর বিদেশ থেকে দেশে ফিরে পরিবারের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে বাড়ির পথে থাকলেও এমন ঘটনায় চরম বিপাকে পড়েছেন তিনি। বিশেষ করে পাসপোর্ট, আকামার কাগজপত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথি হারিয়ে উদ্বেগে পড়েছেন রবিউল ও তাঁর পরিবার। ঘটনার খবর দীঘিনালায় পৌঁছালে তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। একই সঙ্গে মহাসড়কে এ ধরনের সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যেও আতঙ্ক সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী রবিউল ইসলাম ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ডাকাতির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছেন রবিউল ইসলাম।