প্রকাশ :: ... | ... | ...

দীঘিনালায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অনুমোদনহীন ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা


সংযুক্ত ছবি

| ছবি: মোঃ হাছান আল মামুন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন ও মানহীন ওষুধ সংরক্ষণের দায়ে একটি ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে উপজেলার বোয়ালখালী নতুন বাজারে এ অভিযান পরিচালনা করেন দীঘিনালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিউল আলম। এ সময় অভিযানে সহযোগিতা করে দীঘিনালা থানা পুলিশের একটি দল। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে মিত্র ফার্মেসিতে অনুমোদনহীন ওষুধ সংরক্ষণের সত্যতা পাওয়া যায়। পরে সংশ্লিষ্ট আইনে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। অভিযান চলাকালে বাজারের অন্যান্য ফার্মেসিও পরিদর্শন করা হয়। এ সময় ওষুধের সংরক্ষণ ব্যবস্থা, মেয়াদ, লাইসেন্স এবং বিক্রয় কার্যক্রম যাচাই করা হয়। পাশাপাশি ফার্মেসি মালিকদের কেবল অনুমোদিত ওষুধ বিক্রি এবং প্রচলিত আইন ও স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিউল আলম বলেন, জনস্বাস্থ্য রক্ষায় অনুমোদনহীন, মানহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ বা বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অনিয়মে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।