প্রকাশ :: ... | ... | ...

হিল ভিডিপির সহায়তায় দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার, উদ্ধার সিমেন্টবোঝাই ট্রাক


সংযুক্ত ছবি

| ছবি: দৈনিক দেশের কথা

টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি সড়ক। মাইনী নদীর পানি বৃদ্ধি পেয়ে অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়ার মধ্যেই বন্যার পানির প্রবল স্রোতে একটি সড়কের অংশ ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়। এতে সিমেন্টবোঝাই একটি ট্রাক উল্টে পানিতে পড়ে গেলে ওই সড়কে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ অবস্থায় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে সড়ক যোগাযোগ সচল করতে এগিয়ে আসে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হিল ভিডিপির সদস্যরা। সোমবার (২৪ আগস্ট) দীঘিনালা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মুস্তাকিমুল হকের নেতৃত্বে হিল ভিডিপির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেন। হিল ভিডিপি প্লাটুনের সদস্য আনোয়ার, ইসমাইল, ফারুক মিয়া, মুসা মিয়াসহ অন্যান্য সদস্যরা উল্টে যাওয়া সিমেন্টবোঝাই ট্রাকটি উদ্ধারে সহায়তা করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত সড়কটি দ্রুত সচল করার উদ্যোগ নেন তারা। পরে বন্যার পানি কমে গেলে সড়কে সৃষ্ট বড় গর্তটি মাটি দিয়ে ভরাট করে যানবাহন চলাচলের উপযোগী করে তোলেন হিল ভিডিপির সদস্যরা। এতে সড়কটির যোগাযোগব্যবস্থা পুনরায় স্বাভাবিক হয় এবং স্থানীয় মানুষের চলাচলে দুর্ভোগ কমে আসে। স্থানীয়দের মতে, বন্যার পর সড়কটির ওই অংশ দ্রুত সংস্কার না করা হলে যানবাহন চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ত। হিল ভিডিপির সদস্যরা স্বেচ্ছাশ্রমে এগিয়ে আসায় সড়কটি দ্রুত চলাচলের উপযোগী হয়েছে। দুর্যোগের সময়ে উদ্ধার কার্যক্রমে সহায়তা, ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার এবং জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে হিল ভিডিপির সদস্যদের এ উদ্যোগ দুর্গম এলাকায় জনসেবামূলক কার্যক্রমের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। দুর্যোগ মোকাবিলা ও জননিরাপত্তায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার যে জনকল্যাণমূলক ধারণা নিয়ে গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) গঠিত হয়েছে, দীঘিনালার হিল ভিডিপি সদস্যদের এ কার্যক্রম তারই বাস্তব প্রতিফলন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।