| ছবি: দৈনিক দেশের কথা
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা নানা আয়োজনের মাধ্যমে পালন করছে বান্দরবানের সনাতন ধর্মালম্বীরা। রথযাত্রা উপলক্ষ্যে ১৬জুলাই (বৃহস্পতিবার) সকালে বান্দরবান শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দিরে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার শুরু হয়। এই উপলক্ষে দিনব্যাপী চলবে শ্রী শ্রী জগন্নাথদেবের পূজা অর্চনা, হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় গীতা পাঠ, আলোচনা সভা, আরতি কীর্তন, ভাগবত কথা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণসহ নানা আয়োজন। প্রতি বছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা অনুষ্ঠিত হয় আর রথযাত্রা উপলক্ষে বান্দরবানে বিভিন্ন ধর্মীয় সংগঠন, মন্দির এবং আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে। এদিকে বিকেলে শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দির থেকে রথ টেনে শ্রী শ্রী রক্ষা কালি মন্দির বালাঘাটায় নেওয়া হবে এবং আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের এই রথযাত্রা উৎসবের সমাপ্তি হবে।