| ছবি: মাঈনুদ্দিন খালেদ
নাইক্ষ্যংছড়িতে চার মাস পাঁচ দিন বয়সী এক দুধের শিশুকে কৌশলে চুরির অভিযোগ পাওয়া গেছে। নিখোঁজ হওয়া শিশুটির নাম মারুফা জান্নাত মাহি। সে উপজেলার দক্ষিণ ছালামী পাড়ার মো. রশিদ উল্লাহ ও ইয়াছমিন আক্তার দম্পতির কন্যা। এ ঘটনায় শিশুটির মা ইয়াছমিন আক্তার (২৮) বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় চার জনের নাম উল্লেখ করে একটি লিখিত এজাহার দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন নাইক্ষ্যংছড়ি সদরের ইসলামপুর পুরাতন বাস স্টেশন এলাকার শফি উল্লাহ (৫০), তার শাশুড়ি খালেদা বেগম (৪০) এবং অজ্ঞাত পরিচয়ধারী এক দম্পতি মো. আলম (৩০) ও তার স্ত্রী তৃষা (২৫)। থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট ২০২৬ তারিখে ইয়াছমিন আক্তার তাঁর স্বামী ও সন্তানকে নিয়ে ইসলামপুর এলাকার বাসিন্দা তাঁর ননদ খালেদা বেগমের বাড়িতে বেড়াতে যান। সেখানে মো. আলম ও তৃষা নামের এক দম্পতিও বেড়াতে এসেছে বলে তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়। পরদিন ২২ আগস্ট (শনিবার) বিকেল আনুমানিক ৫টার দিকে শফি উল্লাহর বসতঘর থেকে অভিযুক্ত তৃষা শিশু মাহিকে কোলে নিয়ে পাশের ঘরে মোবাইল চার্জ দেওয়ার কথা বলে নিয়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে বুকের দুধ খাওয়ানোর জন্য খোঁজাখুঁজি শুরু করলে ঘরে কাউকে পাওয়া যায়নি। পরবর্তীতে অভিযুক্ত আলম ও তৃষা শিশুটিকে নিয়ে পালিয়ে গেছে বলে পরিবারের সদস্যরা নিশ্চিত হন। ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযুক্ত শফি উল্লাহ ও খালেদা বেগমের সঙ্গে আলম-তৃষা দম্পতির আর্থিক দেনা-পাওনা (১ লাখ ২০ হাজার টাকা) সংক্রান্ত বিষয়ে যোগসাজশ থাকতে পারে। তাদের সহযোগিতাতেই শিশুটিকে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়। রবিবার দুপুরে এ বিষয়ে ভুক্তভোগী মা কান্নায় ভেঙে পড়ে দ্রুত তাঁর কোলের সন্তানকে সুস্থ অবস্থায় উদ্ধার এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। পুলিশ অভিযোগটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে।