| ছবি: সংগ্রহীত
অপহরণের পর মুক্তিপণ দাবি করে নির্মম হত্যাকাণ্ডের শিকার শিশু মো. জায়হানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারী মো. সাজ্জাদ হোসেন। শুক্রবার (১৯ জুন) সকালে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দারখীল পূর্বপাড়া এলাকায় নিহত শিশু জায়হানের কবর জিয়ারত করেন। পরে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা জানান। এ সময় মো. সাজ্জাদ হোসেন বলেন, এ ধরনের নৃশংস ও মানবতাবিরোধী ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, “শিশু হত্যার মতো জঘন্য অপরাধে কোনো ছাড় দেওয়া উচিত নয়। দ্রুত বিচার নিশ্চিত করাই হবে ন্যায়বিচারের প্রথম শর্ত।” তিনি আরও বলেন, সমাজে ক্রমবর্ধমান অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি নিহত শিশু জায়হানের পরিবারের পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা জাতীয় ছাত্রশক্তির জেলা সংগঠক আশরাফুল ইসলাম তক্কীর, রবিউল ইসলাম, মিশকাতসহ পটিয়া উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। উল্লেখ্য, গত মঙ্গলবার পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল এলাকা থেকে পাঁচ বছর বয়সী শিশু জায়হান নিখোঁজ হয়। পরে মুক্তিপণের দাবিতে পরিবারের কাছে একটি চিঠি পাঠানো হয়। পুলিশের তদন্তে একাধিক সন্দেহভাজনকে আটক করা হলে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ইতোমধ্যে একাধিক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মর্মান্তিক এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।