প্রকাশ :: ... | ... | ...

চট্টগ্রামের পটিয়ায় তালাবদ্ধ একটি বসতঘরের টিনের ছাউনি খুলে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে


সংযুক্ত ছবি

শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টা থেকে ৩টার মধ্যে উপজেলার আশিয়া ইউনিয়নের মল্লাপাড়া নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ভুক্তভোগী গৃহকর্তা হাজী মোজাফফর আহমদ চৌধুরী (৬৫) পটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার আগের দিন বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে স্ত্রীকে নিয়ে বড় মেয়ের বাড়িতে বেড়াতে যান তিনি। যাওয়ার আগে বসতঘরের দরজায় তালা লাগিয়ে যান। এ সুযোগে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় ঘরের টিনের ছাউনি খুলে ভেতরে প্রবেশ করে। পরে তারা স্টিলের আলমিরা ভেঙে নগদ ৪৮ হাজার টাকা, ৬ ভরি স্বর্ণালঙ্কার এবং পরিবারের ৩টি পাসপোর্ট, ৪টি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ৩টি জন্ম নিবন্ধন সনদ চুরি করে নিয়ে যায়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, দুর্বৃত্তরা জমিজমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দলিলপত্র রান্নাঘরে নিয়ে গিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়, ফলে সেগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। পরদিন সকাল ১০টার দিকে বাড়িতে ফিরে এসে গৃহকর্তা দেখেন, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। পরে রান্নাঘরের টিনের দরজা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে ভেতরে প্রবেশ করলে চুরির বিষয়টি নিশ্চিত হন। ভুক্তভোগী মোজাফফর আহমদ চৌধুরী জানান, 'বাড়িতে ফিরে দেখি সবকিছু লণ্ডভণ্ড। স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ কিছুই নেই। সবচেয়ে দুঃখজনক হলো, জমির গুরুত্বপূর্ণ দলিলপত্রগুলোও পুড়িয়ে দেওয়া হয়েছে।' তিনি আরও জানান, এর আগেও ঘর নির্মাণের সময় দুর্বৃত্তরা নথিপত্র খুঁজতে তাণ্ডব চালিয়েছিল। এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।