চট্টগ্রামের পটিয়ার আলোচিত ব্যবসায়ী আবুল কাশেম সওদাগর হত্যা মামলার ২নং এজাহারভুক্ত আসামি মোহাম্মদ আবু তাহেরকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার বিকেলে র্যাব-১২ (বগুড়া)-এর সহযোগিতায় তাকে বগুড়া থেকে আটক করা হয়। একইসঙ্গে পৃথক অভিযানে ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায় আরও এক আসামিকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ। পটিয়া থানা সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনের তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) নোমান আহমদ ও ওসি মোঃ জিয়াউল হকের দিক-নির্দেশনায় এই সফল অভিযান পরিচালিত হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ জুয়েল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম বগুড়া থেকে আসামিকে নিয়ে আজ (২৬ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে পটিয়া থানায় পৌঁছায়। ধৃত আবু তাহের পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে। তার বিরুদ্ধে পটিয়া থানায় গত ১৯ এপ্রিল দায়ের করা হত্যা মামলা (নং-২২) রয়েছে। শুরুতে মামলাটি হত্যা চেষ্টার ধারায় থাকলেও ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যুর পর সেটি ৩০২ (হত্যা) ধারায় রূপান্তরিত হয়। এদিকে পটিয়া থানার এসআই সমীর ভট্টাচার্যের নেতৃত্বে পরিচালিত পৃথক একটি অভিযানে হিলচিয়া বাজার থেকে মো: আব্দুর রহিম (৪০) নামের এক ব্যক্তিকে ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আব্দুর রহিম ভোলা জেলার সদর থানার পশ্চিম ইলিশা এলাকার বাসিন্দা এবং বর্তমানে পটিয়ার শোভনদন্ডি ইউনিয়নের লাউয়ারখীল এলাকায় বসবাস করছিলেন। পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউল হক জানান, গ্রেফতারকৃত উভয় আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ব্যবসায়ী আবুল কাশেম হত্যার প্রধান এক আসামি গ্রেফতার হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে জনমনে স্বস্তি ফিরে আসে এবং স্থানীয়রা দ্রুত এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।