প্রকাশ :: ... | ... | ...

পটিয়ায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু পরিবার বিপাকে; সরকারি সহায়তা কামনা


সংযুক্ত ছবি

চট্টগ্রামের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক বৃদ্ধা নারীর পরিবার মানবেতর জীবনযাপন করছে। ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও এখনো কোনো সরকারি সহায়তা না পাওয়ায় পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে। দুর্ঘটনায় মারা যাওয়া ওই বৃদ্ধা উপজেলার ভাটিখাইন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শিউলী বাপের বাড়ি এলাকার মৃত নুর মোহাম্মদের স্ত্রী রহিমা বেগম (৫৩)। গত ১৫ এপ্রিল বুধবার বেলা সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস এলাকার ভাটিখাইন শিউলী বাপের বাড়ি এলাকায় একটি অটোরিকশার ধাক্কায় তার মর্মান্তিক মৃত্যু হয়। বৃদ্ধার পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন রহিমা বেগম বাড়ির পাশে হাঁটছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর মাথায় আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেদিন রাতেই তার মৃত্যু হয়। বৃদ্ধার ছেলে আশিকুল ইসলাম জানান, তার মায়ের মৃত্যুর পর এখনো তারা কোনো সরকারি সহযোগিতা পাননি। যথাযথ প্রক্রিয়া মেনে আবেদন করা হয়েছে এবং তারা আশা করছেন সরকার তাদের আবেদন মঞ্জুর করবে। পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুয়েল বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অটোরিকশার আঘাতে মৃত্যুর ঘটনায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের ব্যবস্থা করা হয়। পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হলে দাফন সম্পন্ন হয়।