| ছবি: সংগ্রহীত
চট্টগ্রামের পটিয়ায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শরিফুল ইসলাম প্রকাশ আইয়ুব (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (২৪ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বুধপুরা মাইজপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে ভুক্তভোগী স্কুলছাত্রীকে রাস্তায় একা পেয়ে অভিযুক্ত শরিফুল ইসলাম যৌন নিপীড়ন করে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেয়। সংবাদ পাওয়ার পরপরই পটিয়া থানা পুলিশের একটি দল বুধপুরা বাজার এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে সকাল সাড়ে ৯টার দিকে অভিযুক্তকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, ‘খবর পাওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে আমরা অভিযুক্তকে আটক করেছি। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরের দিকেই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’ ওসি আরো উল্লেখ করেন, ‘মামলার আসামিকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে রিমান্ডের আবেদন করা হবে। শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধের ক্ষেত্রে আমরা কঠোর অবস্থান নিয়েছি এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পটিয়া থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।’