পটিয়ায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি নির্দেশনা বাস্তবায়নে সন্ধ্যার পর বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শপিংমল, দোকানপাট ও বাজার সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা কার্যকর করতে এই উদ্যোগ নেওয়া হয়। রোববার সন্ধ্যায় পটিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় পটিয়া পোস্ট অফিস এলাকা, থানার মোড় এবং পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে চলমান বৈশাখী মেলায় তদারকি করা হয়। অভিযানকালে ইউএনও সন্ধ্যা ৭টার পর খোলা থাকা ব্যবসা প্রতিষ্ঠানগুলো দ্রুত বন্ধ করার নির্দেশ দেন। মেলা কর্তৃপক্ষকেও নির্ধারিত সময়ের মধ্যে সকল কার্যক্রম সম্পন্ন করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়। উল্লেখ্য, এর আগে পটিয়া মাঠের বৈশাখী মেলা গভীর রাত পর্যন্ত চলায় স্থানীয় পর্যায়ে নানা সমালোচনার সৃষ্টি হয়েছিল। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি নির্দেশনা মেনে চলতে সাধারণ ব্যবসায়ী ও মেলা সংশ্লিষ্টদের সচেতন করা হচ্ছে। জনস্বার্থে এবং জ্বালানি নিরাপত্তার স্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।