চট্টগ্রামের পটিয়া উপজেলায় উদ্বোধন করা হয়েছে “ভূমি সেবা মেলা-২০২৬”। জনসাধারণের জন্য ভূমি সেবা সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে এ মেলার আয়োজন করে স্থানীয় ভূমি প্রশাসন। মঙ্গলবার (১৯শে মে) সকালে পটিয়া ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম -১২ পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান। স্বাগত বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা। অনুষ্ঠানে অন্যানর মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মেয়র নুরুল ইসলাম সওদাগর ,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, বদরুল খায়ের চৌধুরী,পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব, গাজী আবু তাহের, তৌহিদুল আলম, আবদুল মাবুদ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মঈনুল আলম ছোটন, সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র নাথ, শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কর্মকার, ভূমি অফিসের নাজির জামাল উদ্দিন ও এস এম নয়ন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে এমপি এনামুল হক এনাম বলেন, ভূমি সেবা মানুষের মৌলিক নাগরিক অধিকারের একটি গুরুত্বপূর্ণ অংশ। সরকার ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক ও জনবান্ধব করতে ধারাবাহিকভাবে ডিজিটাল উদ্যোগ বাস্তবায়ন করছে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও সেবামুখী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মেলার মাধ্যমে সাধারণ মানুষ এখন হয়রানিমুক্তভাবে বিভিন্ন ভূমি সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন। পাশাপাশি অনলাইনভিত্তিক ভূমি সেবা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে। মেলায় ভূমি উন্নয়ন কর প্রদান, অনলাইন খতিয়ান ও নামজারি সেবা, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা এবং সরাসরি অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধানের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আয়োজকরা জানান, নাগরিকদের দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।