চট্টগ্রামের পটিয়ায় ধানি জমিতে গরুর বাছুর ধান খাওয়াকে কেন্দ্র করে এক কৃষককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত কৃষকের নাম আবদুল আলম (৪৩)। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কেলিশহর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছত্তর পেটুয়া মাঝিরপাড়া জামেয়া মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। আবদুল আলম ওই এলাকার আমিনুর রহমানের ছেলে। খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কৃষকের পরিবার জানায়, আবদুল আলমকে কুপিয়ে জখম করা হলে প্রথমে তাকে পটিয়া হাসপাতালে নেওয়া হয় এবং পরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এদিকে রোববার বেলা ১২টায় অসুস্থ শরীর নিয়ে পটিয়া থানা কম্পাউন্ডে হাজির হন তিনি। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করতে এসে বিচার দাবি করেন এবং নিজের শারীরিক অবস্থা ও ঘটনার বর্ণনা তুলে ধরেন। আবদুল আলম অভিযোগ করেন, প্রতিবেশী নুর মোহাম্মদের সঙ্গে জমিজমা নিয়ে তার দীর্ঘদিনের বিরোধ রয়েছে। বুধবার বিকেলে তার পালিত গরুর বাছুর নুর মোহাম্মদের ভাইয়ের জমির ধান খেয়েছে—এ অভিযোগ তুলে বাছুরটির পায়ে আঘাত করা হয়। এতে বাছুরটি আহত হয়। এরপর বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে নুর মোহাম্মদসহ কয়েকজন মিলে কুপিয়ে জখম করে। এ ঘটনায় তিনি পটিয়া থানায় মামলা দায়ের করতে এসেছেন। অভিযোগ অস্বীকার করে নুর মোহাম্মদের ছোট ভাই শের মোহাম্মদ বলেন, জমিতে গরুর বাছুর ধান খাওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে ধস্তাধস্তি হয়। এ সময় আবদুল আলম প্রথমে নুর মোহাম্মদকে ঘুষি মারেন। পরে নুর মোহাম্মদ তেড়ে গেলে আবদুল আলম নিচে পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হন। তিনি আরও দাবি করেন, আবদুল আলমের চিকিৎসার খরচও তারা বহন করেছেন। এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বলেন, এ ঘটনায় উভয় পক্ষের লোকজন আহত হয়েছে বলে জানা গেছে। প্রকৃত ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।