প্রকাশ :: ... | ... | ...

পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশীর হামলায় প্রবাসী আহত, বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ


সংযুক্ত ছবি

| ছবি: দৈনিক দেশের কথা

চট্টগ্রামের পটিয়ায় পূর্ব শত্রুতার জেরে এক প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। মঙ্গলবার (২১ জুলাই) রাতে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মনসা গ্রামে এ ঘটনা ঘটে। আহত প্রবাসী এমদাদুল হক ফায়রাজ (২৭) ওই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। এ ঘটনায় পটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রবাসীর বড় ভাই এনামুল হক। অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে পূর্ব শত্রুতার জেরে প্রবাসী ফায়রাজের সঙ্গে প্রতিবেশী সাইফু ও রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাইফু ও রহমান মিলে ফায়রাজকে মারধর করেন। এতে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হলে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। এ ঘটনার কিছুক্ষণ পর মঙ্গলবার রাতে অভিযুক্তরা বহিরাগত লোকজন নিয়ে ফায়রাজের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির গেট ভাঙচুর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। প্রবাসী ফায়রাজ অভিযোগ করে বলেন, “সাইফু নিয়মিত জুয়া খেলে। মূলত এর প্রতিবাদ করায় আমার ওপর হামলা করা হয়েছে। তারা শুধু আমাকে মারধর করেই থেমে থাকেনি, আমার বাড়িতেও হামলা চালিয়েছে। ঘটনার ছবি ও ভিডিও আমার কাছে সংরক্ষিত আছে।” এ বিষয়ে অভিযুক্ত সাইফুর ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও নম্বরটি বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বলেন, “দুই পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”