| ছবি: সংগ্রহীত
খাগড়াছড়ির ঐতিহ্যবাহী পানছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে ‘১ম পুনর্মিলনী ও হীরক জয়ন্তী উৎসব-২০২৭’ উদযাপনের লক্ষ্যে দ্বিতীয় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয় হলরুমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চাকমা। সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক সিনিয়র সহকারী শিক্ষক মেঘবিন্দু চাকমা, সহকারী শিক্ষক মংসাথোয়াই চৌধুরী, দীঘিনালা সরকারি কলেজের অধ্যাপক জিমি চাকমা, পানছড়ি সরকারি কলেজের অধ্যাপক নিকোলাষ চাকমা, পানছড়ি প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মাহিম, পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা ও সাবেক ইউপি চেয়ারম্যান অসেতু বিকাশ চাকমা। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে বাস্তবায়নের লক্ষ্যে সর্বসম্মতিক্রমে ১৮ সদস্য বিশিষ্ট একটি আংশিক প্রস্তুতি কমিটি গঠন করা হয়। এতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চাকমাকে আহ্বায়ক এবং সাবেক ইউপি চেয়ারম্যান অসেতু বিকাশ চাকমাকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। গঠিত এই আংশিক কমিটি দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উৎসবের পরবর্তী কার্যক্রম পরিচালনা করবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।