গলায় চনার বুট আটকে শিশুর মৃত্যু
কক্সবাজারের পেকুয়া উপজেলায় চনাচুরের সঙ্গে থাকা চনার বুট গলায় আটকে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) সকাল ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মইয়াদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মুহাম্মদ আয়াতুল ইসলাম আবিদ। সে ওই এলাকার বাসিন্দা আব্দুর রহিমের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আবিদের মা তাকে খাওয়ার জন্য চনাচুর দেন। সে ধীরে ধীরে চনাচুর খাওয়ার সময় এর সঙ্গে থাকা একটি চনার বুট তার গলায় আটকে যায়। এতে শিশুটি মা-বাবার সামনেই ছটফট করতে থাকে। একপর্যায়ে সে নিস্তেজ হয়ে পড়ে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে আবিদের বাবা আব্দুর রহিম তাকে সঙ্গে নিয়ে মইয়াদিয়া মুজিবকিল্লা স্টেশন থেকে নাশতা কিনেছিলেন। বাড়িতে ফিরে চনাচুর খাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। আবিদের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।