প্রকাশ :: ... | ... | ...

পেকুয়ায় আগুনে পুড়ে গেছে ৪ পরিবারের বসতবাড়ি


সংযুক্ত ছবি

| ছবি: নাজিম উদ্দিন

কক্সবাজারের পেকুয়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি পরিবারের বসতঘর ও মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (৩১ মে) ভোররাতে উজানটিয়া ইউনিয়নের করিয়ারদিয়া পশ্চিম সাইট পাড়া এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা ছৈয়দ নুরের ছেলে শাহাব উদ্দিনের বসতবাড়িতে একটি বৈদ্যুতিক ফ্যান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল পুড়ে যায়। আগুনের লেলিহান শিখায় ছড়িয়ে পড়ে মনিক, রাসেল ও মমতাজ এর বাড়ি, ঘরে থাকা প্রয়োজনীয় সামগ্রী সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উজানটিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক নুরুল আখতার নিলয় ও স্থানীয় ইউপির সদস্য জাফর আলম চৌধুরী। পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে কম্বল ও শুকনো খাবার বিতরণ করা হয় এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেওয়া হয়। জাফর আলম চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেছি। সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও এসব অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই। পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উজানটিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক নুরুল আখতার নিলয় বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশা অত্যন্ত মর্মান্তিক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হবে। পাশাপাশি সরকারি বিধি অনুযায়ী তাদের জন্য বরাদ্দ ও সহযোগিতা প্রদানের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।