প্রকাশ :: ... | ... | ...

পেকুয়ায় দুটি বন্দুক-গুলি-কার্তুজসহ অস্ত্রধারী আটক


সংযুক্ত ছবি

| ছবি: নাজিম উদ্দিন

কক্সবাজারের পেকুয়া উপজেলায় অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি একনলা বন্দুক, পিস্তলের পাঁচটি গুলি ও কার্তুজসহ এক অস্ত্রধারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। বুধবার (৩জুন) দিবাগত রাত ২টার দিকে পেকুয়া উপজেলার শিলখালী এলাকায় এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তি হলেন আহমদ নুর (৩৫)। তিনি সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সরকারি ঘোনা এলাকার মৃত আব্দুল হক ওরফে কালু সওদাগরের ছেলে। র‌্যাব-১৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল শিলখালী গ্রামের কাছেমুল উলুম মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানা মসজিদের সংলগ্ন পাকা তিন রাস্তার মোড়ে কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে বলে জানতে পারে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে বিশেষ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আহমদ নুরকে আটক করা হয়। পরে উপস্থিত লোকজনের সামনে তার হেফাজতে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় তৈরি বন্দুক, বন্দুকের দুটি তাজা কার্তুজ, দুটি ব্যবহৃত কার্তুজের খোসা এবং পাঁচ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়। র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক নিশ্চিত করেছেন, আটক ব্যক্তিকে পেকুয়া থানায় হস্তান্তর করা হবে। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মেহেদী হাসান জানান, অস্ত্রসহ একজনকে আটকের কথা শুনেছি তবে এখনো থানায় হস্তান্তর করেনি।