| ছবি: নাজিম উদ্দিন
কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা এলাকায় সৌদি প্রবাসী আমির হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় দুজন গুরুতর আহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন আমির হোসেনের স্ত্রী রোজিনা আক্তার (৪৫) এবং তার বড় ভাই জাকের হোসেন (৬৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে ডাকাতদল বাড়ির সিঁড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে দরজা ভেঙে শয়নকক্ষে ঢুকে গৃহবধূ রোজিনা আক্তারকে জিম্মি করে আলমারির চাবি খুঁজতে থাকে। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা লোহার ভারী বস্তু দিয়ে তাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। এরপর মুখোশধারী অস্ত্রধারীরা ঘরে ব্যাপক লুটপাট চালায়। রোজিনা আক্তারের চিৎকার শুনে পাশের বাড়ি থেকে তার ভাসুর জাকের হোসেন এগিয়ে আসেন। ডাকাতদল পালিয়ে যাওয়ার সময় তিনি তাদের একজনকে ধরে ফেললে অন্য সদস্যরা লোহার খুন্তি দিয়ে তার ওপর হামলা চালায়। এতে তার মাথা ফেটে যায় এবং তিনি গুরুতর আহত হন। ভুক্তভোগী পরিবারের দাবি, ডাকাতদল প্রায় আধা ঘণ্টা ধরে বাড়িতে অবস্থান করে লুটপাট চালায়। আহত রোজিনা আক্তার জানান, তাহাজ্জুদের নামাজ আদায়ের জন্য ঘুম থেকে উঠে সিঁড়ির দিক থেকে বিকট শব্দ শুনতে পান। গিয়ে দেখেন কয়েকজন ব্যক্তি গ্রিল কাটছে। ভয়ে তিনি রান্নাঘরের দরজা খুলে ভাসুরকে ডাকতে থাকেন। এ সময় ৩-৪ জন ডাকাত রান্নাঘরের দরজা দিয়ে ঘরে ঢুকে তাকে জিম্মি করে। পরে নগদ ৫ লাখ টাকা ও প্রায় এক ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। তিনি বলেন, ডাকাতদের সবার মুখে মুখোশ ছিল। ঘরের বাইরে আরও কয়েকজন অবস্থান করছিল এবং তারা নিজেদের মধ্যে ডাকাডাকি করছিল। আমির হোসেনের ভাতিজি ও প্রতিবেশী গৃহবধূ ইসমত আরা কলি বলেন, ঘটনার সময় রোজিনা আক্তারের চিৎকার শুনে সবাই ছুটে এলেও ডাকাতদের হাতে দেশীয় অস্ত্র থাকায় কেউ এগিয়ে যেতে পারেনি। পরে ডাকাতরা পালিয়ে গেলে আহত দুজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তিনি বলেন, এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানায়, ডাকাতি বিষয়ে আমার জানা নেই। আমি খবর নিচ্ছি।