কক্সবাজারের পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে ট্রাকে লবণবোঝাই করার অভিযোগে রায়হান (২১) নামে এক ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের মাঝিরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম। রায়হান রাজাখালী মাঝিরপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে৷ স্থানীয়রা জানান, মাঝিরপাড়া এলাকার সরু সড়কে বড় বড় ট্রাক রেখে লবণবোঝাই করার কারণে প্রায়ই যান চলাচল ব্যাহত হয়। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে পথচারী, শিক্ষার্থী ও যানবাহনের চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়। কখনো কখনো এক ঘণ্টা পর্যন্ত সড়কে আটকে থাকতে হয় বলেও জানান তারা। স্থানীয়দের অভিযোগ, সড়কের ওপর ট্রাক রেখে লবণবোঝাই করার কারণে একদিকে যেমন যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, অন্যদিকে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। এ ধরনের জনদুর্ভোগ বন্ধে প্রশাসনের নিয়মিত নজরদারি ও কার্যকর ব্যবস্থা দাবি করেছেন তারা। পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বলেন, সড়কে ট্রাক রেখে লবণবোঝাই করে জনদুর্ভোগ সৃষ্টি করার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় ট্রাকচালক রায়হানকে সড়ক পরিবহন আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।