| ছবি: সংগ্রহীত
দীর্ঘ ১৯ বছর পর কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া বাজার ব্যবস্থাপনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে ঘিরে বাজারের ব্যবসায়ী, ভোটার ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ-উল্লাস দেখা যায়। বারবাকিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে হরিণ প্রতীকে ওসমান হায়দার মানিক নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে ঘোড়া প্রতীকে বিজয়ী হয়েছেন আনিছুর রহমান। সহ-সভাপতি পদে মাছ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন মনির উদ্দিন। এ ছাড়া কোষাধ্যক্ষ পদে টেলিফোন প্রতীকে আতিকুর রহমান এবং সহ-সম্পাদক পদে আম প্রতীকে শাহাদত হোসেন বিজয়ী হয়েছেন। সাধারণ সদস্য পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে ফুটবল প্রতীকে আহমদ হোসেন, কাপ-পিরিচ প্রতীকে মো. ইসমাইল, ঘুড়ি প্রতীকে মো. বাদশাহ মিয়া এবং প্রজাপতি প্রতীকে মো. আরিফুল ইসলাম নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ৩৪২ জন ভোটারের মধ্যে ৩৩৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বাজার ব্যবস্থাপনা কমিটির মোট ৯টি পদের বিপরীতে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মনোনয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ৩জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, সহ-সম্পাদক পদে ৩ জন, কোষাধ্যক্ষ পদে ৩ জন এবং সদস্য পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। নির্বাচন পরিচালনা বোর্ডে দায়িত্ব পালন করেন মাস্টার আজিজুল হক, মাস্টার মোস্তফা আলী, ইউপি সদস্য মোহাম্মদ আলমগীর। ভোটগ্রহণের সময় আইনশৃঙ্খলা রক্ষায় পেকুয়া থানা পুলিশ সকাল থেকে দায়িত্ব পালন করে। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান ভোটকেন্দ্র পরিদর্শন করেন। নির্বাচন শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন বলেন, দীর্ঘ ১৯ বছর পর নির্বাচন হয়েছে। এই নির্বাচন ছিল নিরপেক্ষ, নির্দলীয়, গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন। ভোটাররা কোনো ধরনের প্রভাব বা চাপের কাছে নতি স্বীকার না করে নিজেদের পছন্দের যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আসলে এখানে হার জিতের কিছু নেই। বিজয়ী এবং বিজীত সকলেই এই বাজারের ব্যবসায়ী। যারা প্রতিদ্বন্ধিতা করেছে সকলেই যোগ্য প্রার্থী। সবার সম্মেলিত প্রচেষ্টায় বাজারের সার্বিক উন্নয়ন এগিয়ে যাবে।