প্রকাশ :: ... | ... | ...

রাজপথ থেকে এবার ভোটের মাঠে, চেয়ারম্যান হতে চান সায়েদ খান


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

ওয়ার্ড পর্যায়ের ছাত্রদলের রাজনীতি দিয়ে পথচলা শুরু। এরপর ইউনিয়ন ও উপজেলা ছাত্রদলের নেতৃত্ব পেরিয়ে যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ দুই দশকের বেশি সময়ের রাজনৈতিক অভিজ্ঞতা এবার কাজে লাগাতে চান জনপ্রতিনিধি হিসেবে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক যুবদল নেতা মো. সায়েদ খান। মগনামার বহরদার বাড়ির বাসিন্দা সায়েদ খান প্রয়াত মাস্টার আবদুল মালেক চৌধুরীর ছেলে। পারিবারিকভাবেই বিএনপির রাজনীতির সঙ্গে তাঁর সম্পৃক্ততা তৈরি হয়। ২০০৩ সালে ওয়ার্ড পর্যায়ে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হওয়ার মধ্য দিয়ে শুরু হয় তাঁর সক্রিয় রাজনৈতিক পথচলা। রাজনীতির দীর্ঘ পথচলায় তিনি মগনামা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক, পেকুয়া উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি এবং মগনামা ইউনিয়ন যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জেলা জাসাসের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দলের কঠিন সময়েও রাজনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখার দাবি করে সায়েদ খান বলেন, বিভিন্ন প্রতিকূলতা ও মামলার হয়রানির মধ্যেও তিনি বিএনপির রাজনীতির সঙ্গে ছিলেন। একই সঙ্গে তৃণমূলের নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করেছেন। সায়েদ খান বলেন, রাজনীতিতে আমার পথচলা শুরু হয়েছে একেবারে তৃণমূল থেকে। ওয়ার্ড ছাত্রদল থেকে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছি। দলের দুঃসময়ে নেতাকর্মীদের সঙ্গে ছিলাম। এখন সুযোগ পেলে মগনামার মানুষের জন্য সরাসরি কাজ করতে চাই। দলীয় মনোনয়নের বিষয়ে তিনি বলেন, বিএনপির নীতিনির্ধারক ও স্থানীয় দলীয় নেতৃত্ব তাঁর দীর্ঘ রাজনৈতিক কর্মকাণ্ড, ত্যাগ এবং তৃণমূলে গ্রহণযোগ্যতা বিবেচনা করবেন এটাই তাঁর প্রত্যাশা। দলের সিদ্ধান্ত তাঁর পক্ষে এলে নির্বাচনে সর্বশক্তি দিয়ে কাজ করার কথাও জানান তিনি। তবে দলীয় সিদ্ধান্তের প্রতি নিজের আস্থার কথাও স্পষ্ট করেছেন সায়েদ খান। তিনি বলেন, দল যাকে যোগ্য মনে করবে, আমি সেই সিদ্ধান্ত মেনে নেব। তবে দল যদি আমাকে সুযোগ দেয়, মগনামার মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে মগনামায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যে দীর্ঘদিনের তৃণমূল রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে সায়েদ খানের প্রার্থী হওয়ার আগ্রহও স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। চেয়ারম্যান পদে নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি মগনামা ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন মো. সায়েদ খান।