প্রকাশ :: ... | ... | ...

ফটিকছড়িতে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু 


সংযুক্ত ছবি

| ছবি: দৈনিক দেশের কথা

ধানক্ষেতে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে দুই কৃষকের মৃত্যু প্রতীকী ছবি চট্টগ্রামের ফটিকছড়িতে ধানক্ষেতে কাজ করার সময় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষক মারা গেছেন। রোববার (১৯ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফটিকছড়ি বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ভূজপুর ইউনিয়নের মীরের খীল এলাকার মাহবুব আলমের ছেলে ইউনুস (৪৫) ও একই এলাকার আবুল কাশেমের ছেলে হাশেম (৪৮)। স্থানীয়দের ভাষ্য, ইউনুস ও হাশেম ধানের চারা রোপণের কাজ করছিলেন। হঠাৎ বিদ্যুতের একটি তার ছিঁড়ে ধানক্ষেতে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তারা মারা যান। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান গণমাধ্যম কে বলেন, ঘটনাটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, দুর্ঘটনাটি ফটিকছড়ি থানা এলাকায় ঘটলেও নিহত দুজন ভূজপুর থানার বাসিন্দা। মরদেহ তাদের বাড়িতে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে। সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, খবর পাওয়ার পরই টেকনিক্যাল টিম ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। কী কারণে বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে কোনো অবহেলা বা ত্রুটি পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, বৈরী আবহাওয়ার সময় কোথাও ছিঁড়ে পড়া বিদ্যুতের তার দেখা গেলে সাধারণ মানুষকে তার কাছাকাছি না গিয়ে দ্রুত পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানানো উচিত। এতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব।