| ছবি: সংগ্রহীত
চট্টগ্রাম বন্দরের আউটার এংকরেজে অবস্থানরত থাইল্যান্ডের পতাকাবাহী একটি স্ক্র্যাপবাহী জাহাজে ক্রুদের অভ্যন্তরীণ মারামারিতে এক থাই নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) দুপুর সোয়া বারোটার দিকে ‘এম টি কে পি পি০১’ (MT KPP01) নামক জাহাজে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। নিহত ক্রুর নাম মিস্টার রেপিফং কাহান (Rapiphong Kahan)। তিনি থাইল্যান্ডের নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে। শিপিং এজেন্ট ও বন্দর সূত্রে জানা যায়, দুপুরে জাহাজের অন-বোর্ড ক্রুদের মধ্যে হঠাৎ কথাকাটাকাটি ও একপর্যায়ে মারাত্মক মারামারি শুরু হয়। এতে মিস্টার রেপিফং কাহান গুরুতর আহত হন। ঘটনার পর জাহাজের স্থানীয় দেশীয় শিপিং এজেন্ট দ্রুত তাকে জাহাজ থেকে নামিয়ে এনে মেডিকেল অ্যাসিস্ট্যান্সের জন্য চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করায়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় বেলা আনুমানিক সাড়ে তিনটার দিকে তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনার পর মার্কেন্টাইল মেরিন ডিপার্টমেন্ট (MMD), সংশ্লিষ্ট শিপিং এজেন্ট, বাংলাদেশ কোস্টগার্ড এবং পুলিশ প্রশাসন বিষয়টি খতিয়ে দেখতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শুরু করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে যাচ্ছে বলে জানা গেছে। ঘটনার মূল কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট সংস্থাগুলো তদন্ত শুরু করেছে।