চট্টগ্রাম বন্দরে এক জাহাজে সর্বোচ্চ সংখ্যক রপ্তানি পণ্যবাহী কনটেইনার জাহাজীকরণের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। বুধবার (১২ আগস্ট) জেনারেল কার্গো বার্থ (জিসিবি)-১১ নম্বর জেটিতে নোঙর করা মার্স্ক লাইনের কনটেইনারবাহী জাহাজ Maersk Bintulu-তে ৯৩৩ বক্স বা ১ হাজার ৭৮৪ টিইইউএস রপ্তানি পণ্যবাহী লোড কনটেইনার জাহাজীকরণ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চট্টগ্রাম বন্দরের ইতিহাসে একটি জাহাজে একসঙ্গে এত বেশি রপ্তানি পণ্যবাহী কনটেইনার এর আগে কখনো জাহাজীকরণ হয়নি। এদিন একই জাহাজে আরও ১৪৪ বক্স বা ১৪৭ টিইইউএস খালি কনটেইনারও জাহাজীকরণ করা হয়। ফলে জাহাজটিতে মোট জাহাজীকৃত কনটেইনারের সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৭৭ বক্স এবং মোট ১ হাজার ৯৩১ টিইইউএস। বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এর আগে চলতি বছরের ১৮ জুন এক জাহাজে সর্বোচ্চ রপ্তানি পণ্যবাহী কনটেইনার জাহাজীকরণের রেকর্ড ছিল ৭৪২ বক্স বা ১ হাজার ৪৩৯ টিইইউএস। সর্বশেষ জাহাজীকরণের মাধ্যমে আগের সেই রেকর্ড ভেঙে অতিরিক্ত ১৯১ বক্স এবং ৩৪৫ টিইইউএস রপ্তানি কনটেইনার জাহাজীকরণ হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এক জাহাজে এত বিপুল পরিমাণ রপ্তানি পণ্য সফলভাবে জাহাজীকরণ দেশের প্রধান সমুদ্রবন্দর হিসেবে চট্টগ্রাম বন্দরের অপারেশনাল সক্ষমতা, টার্মিনাল ব্যবস্থাপনা এবং কনটেইনার হ্যান্ডলিং দক্ষতার প্রতিফলন। একই সঙ্গে এটি দেশের রপ্তানি বাণিজ্যের ধারাবাহিক প্রবৃদ্ধি এবং আন্তর্জাতিক শিপিং লাইনের আস্থারও ইতিবাচক বার্তা বহন করছে। বন্দর সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যে কনটেইনার জাহাজীকরণ সম্পন্ন করতে টার্মিনাল অপারেটর, শিপিং এজেন্ট, কাস্টমস এবং বন্দরের সংশ্লিষ্ট বিভাগ সমন্বিতভাবে কাজ করেছে। ফলে কোনো ধরনের অপারেশনাল জটিলতা ছাড়াই রেকর্ডসংখ্যক রপ্তানি কনটেইনার জাহাজে তোলা সম্ভব হয়েছে। বন্দর-সংশ্লিষ্ট ব্যবসায়ীরা মনে করছেন, জাহাজপ্রতি রপ্তানি কনটেইনারের পরিমাণ বৃদ্ধি পেলে জাহাজ পরিচালনার দক্ষতা বাড়ার পাশাপাশি কনটেইনার ইয়ার্ডের চাপ কমবে এবং রপ্তানি পণ্য পরিবহনে সময় ও ব্যয়ও হ্রাস পাবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা আশা করছেন, বন্দরের চলমান সক্ষমতা বৃদ্ধি, অপারেশনাল সংস্কার এবং আধুনিক ব্যবস্থাপনার ফলে ভবিষ্যতে আরও বড় পরিসরে রপ্তানি কনটেইনার জাহাজীকরণের নতুন নতুন রেকর্ড গড়ে উঠবে।