প্রকাশ :: ... | ... | ...

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ৩


সংযুক্ত ছবি

| ছবি: সংগ্রহীত

বাঁশখালী উপজেলার প্রধান সড়কে মাছবোঝাই একটি পিকআপের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (১ জুন) সকাল ৭টার দিকে উপজেলার মনছুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. বাহাদুর আলম (২৮) কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের জাহিদা ঘোনা এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রাম শহরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। আহতরা হলেন- মহেশখালী উপজেলার আবুল বাশারের ছেলে মো. নোমান (৩৫), মোজাম্মেল হকের মেয়ে মনি বেগম (২৪) এবং চকরিয়া উপজেলার বদরখালী এলাকার আবুল হোসেনের ছেলে মো. হেলাল (২৩)। বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হেলাল উল্লাহ নূরী জানান, দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হলে একজনকে মৃত ঘোষণা করা হয়। আহত তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, ঈদের ছুটি শেষে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সিএনজি অটোরিকশাযোগে কর্মস্থলে ফিরছিলেন যাত্রীরা। চকরিয়ার মগনামা ঘাট থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেওয়ার পর বাঁশখালীর মনছুরিয়া এলাকায় পৌঁছালে মাছবোঝাই একটি পিকআপের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত বাহাদুর আলমের মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত দুটি যানবাহন জব্দ করা হয়েছে বলে জানান তিনি।