বাঁশখালীতে মাদক সেবন ও অনলাইন জুয়া খেলার অভিযোগে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২২ মে) রাতে উপজেলার শীলকূপ ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে নেতৃত্ব দেন বাঁশখালীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন। পুলিশের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে মাদক সেবনের সময় ৬ জন এবং মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনলাইন জুয়ায় জড়িত থাকার অভিযোগে আরও ৭ জনকে আটক করা হয়। মাদক সেবনের দায়ে দণ্ডপ্রাপ্তরা হলেন— মো. আবদুল কাদের (৫২), মো. আবুল বশর (২৯), নুরুল আমিন (৪৮), মো. আজিজ (২০), মো. ছরওয়ার আহমেদ (৩৪) ও মো. সাইফুদ্দিন (৫৮)। তাদের মধ্যে মো. আজিজ, মো. আবদুল কাদের ও মো. ছরওয়ার আহমেদকে তিন মাস করে এবং অন্যদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে অনলাইন জুয়া খেলার দায়ে দণ্ডিত হয়েছেন মো. দিদারুল আলম (২২), আজগর হোসেন (৩২), সাহাব উদ্দিন (৩০), আবদুল জব্বার (৫৫), আবদুল গফুর (৩০), মাহফুজুল হক (৪০) ও মো. মোজাফফর আহম্মদ (৪২)। তাদের মধ্যে দিদারুল আলমকে ছয় মাস, আজগর হোসেনকে তিন মাস এবং বাকি আসামিদের দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, সমাজ থেকে মাদক, জুয়া ও অনলাইন জুয়ার বিস্তার রোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, উপজেলাকে মাদক ও জুয়ার করালগ্রাস থেকে মুক্ত রাখতে ইউনিয়নভিত্তিক অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।