চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় হাম-রুবেলা প্রতিরোধে বিশেষ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার শীলকূপ ৮২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদুল আলম। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আক্তার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইমতিয়াজ উদ্দীন, আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম, ডা. আছরার নুরী, ডা. রাশেদুল ইসলাম, শীলকূপ ৮২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বশর জিহাদী, স্যানিটারি ইনস্পেক্টর ছৈয়দুল আকবর, মেডিকেল টেকনোলজিস্ট জয়নাল আবেদীনসহ সংশ্লিষ্টরা। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত পরিচালিত এ বিশেষ ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫ বছর বয়সী (৫ বছরের এক দিন কম) শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে টিকা প্রদান করা হবে। এ সময়ে বাঁশখালী উপজেলায় মোট ৬৯ হাজার ৯৬৫ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্য সংশ্লিষ্টরা জানান, হাম ও রুবেলার প্রাদুর্ভাব প্রতিরোধে এ ধরনের গণটিকাদান কর্মসূচি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে এবং সকল অভিভাবককে তাদের সন্তানদের নির্ধারিত কেন্দ্রে এনে টিকা দেওয়ার আহ্বান জানান।