চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় দায়েরকৃত একটি ধর্ষণ মামলার এজাহারভুক্ত প্রধান পলাতক আসামি আরিফ উল্লাহ (২৫)কে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। র্যাব-৭ সূত্রে জানা যায়, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় দায়েরকৃত বাঁশখালী থানার মামলা নং-১৪ (১৪ এপ্রিল ২০২৬) এর প্রধান আসামি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন শাহ আমানত সুপার মার্কেট এলাকার সামনে র্যাব-৭ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আরিফ উল্লাহ বাঁশখালী উপজেলার পূর্ব চাম্বল এলাকার লেদু মিয়ার ছেলে। র্যাব জানায়, তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।