| ছবি: সংগ্রহীত
বাঁশখালীতে অনুষ্ঠিত এক প্রীতি টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে লেফট-আর্ম স্পিনার তামিমের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে চট্টগ্রাম পোর্ট সিটি ক্রিকেট একাডেমিকে ৬৮ রানে পরাজিত করেছে বাঁশখালী ক্রিকেট একাডেমি। শনিবার (২৭ জুন) সকালে বাঁশখালী ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে চট্টগ্রাম পোর্ট সিটি ক্রিকেট একাডেমি প্রথমে বাঁশখালী ক্রিকেট একাডেমিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। প্রথমে ব্যাট করতে নেমে বাঁশখালী ক্রিকেট একাডেমির ব্যাটাররা দায়িত্বশীল ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৬ রানের বড় সংগ্রহ গড়ে তোলে। দলের পক্ষে তারেক সর্বোচ্চ ৩৪ রান করেন। এছাড়া নয়ন ২৭, আরহাম ২৪, সাব্বির ১৭, সাকিব ১২ বলে ২০ এবং মেহেদী ১৪ বলে ঝড়ো ২১ রান করেন। পোর্ট সিটি ক্রিকেট একাডেমির বোলারদের মধ্যে অনুপম দুটি এবং শাহাদাত, ফুয়াত, জয়, জুয়াল ও সাফরান একটি করে উইকেট শিকার করেন। জয়ের জন্য ২০৭ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাঁশখালী ক্রিকেট একাডেমির স্পিন আক্রমণের মুখে চাপে পড়ে পোর্ট সিটি ক্রিকেট একাডেমি। লেফট-আর্ম স্পিনার তামিম ও আফিফের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। শেষ পর্যন্ত ১৬ ওভারে ১৩৮ রানে অলআউট হয় তারা। বাঁশখালী ক্রিকেট একাডেমির হয়ে তামিম একাই ৬টি উইকেট নিয়ে ম্যাচসেরা বোলিং করেন। এছাড়া আফিফ দুটি এবং নাহিন ও আবরার একটি করে উইকেট লাভ করেন। পোর্ট সিটি ক্রিকেট একাডেমির হয়ে সুজন ২২, জনি ১৩ ও সরওয়ার ৯ রান করেন। ব্যাটারদের সম্মিলিত পারফরম্যান্স এবং তামিমের বিধ্বংসী বোলিংয়ে ভর করে ৬৮ রানের দাপুটে জয় তুলে নেয় বাঁশখালী ক্রিকেট একাডেমি। ম্যাচ শেষে ম্যাচসেরা খেলোয়াড় তামিমের হাতে পুরস্কার তুলে দেন বাঁশখালী ক্রিকেট একাডেমির পরিচালক ও কোচ, সাংবাদিক মোহাম্মদ এরশাদ এবং চট্টগ্রাম পোর্ট সিটি ক্রিকেট একাডেমির কোচ।