| ছবি: সংগৃহীত
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড গোলাছড়ি পাহাড়ি ছড়ার পানিতে ডুবে নিশিতা ত্রিপুরা নামে ৬ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ১১টার পর উপজেলার গোলাছড়ি তিন কিলো এলাকার একটি পাহাড়ি ঝিরিতে। নিহত শিশুর পরিচয়, নিশিতা ত্রিপুরা বয়সঃ ৬ বছর পিতাঃ মৃতঃ দিপেন ত্রিপুরা বাড়িঃ রুপকারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড গোলাছড়ি তিন কিলো এলাকা, বাঘাইছড়ি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় নিশিতার মা ঘুমিয়ে ছিলেন। মা ঘুমে থাকার সুযোগে ছোট্ট নিশিতা একাই গোসল করার জন্য বাড়ির পাশের পাহাড়ি ঝিরিতে নেমে যায়। অনেকক্ষণ মেয়েকে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা ঝির পানিতে নিশিতাকে অচেতন অবস্থায় ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। স্থানীয় বাসিন্দা মনীষী চাকমা বলেন, আমরা যখন ছুটে গিয়ে দেখি তখন মেয়েটা পানিতে ভাসতেছে। সাথে সাথে তুলে হাসপাতালে নেওয়ার চেষ্টা করি। কিন্তু বাচ্চাটা তখনই মারা গেছে। মা ঘুমিয়ে ছিল, কেউ বুঝতেই পারেনি মেয়েটা কখন পানিতে নেমেছে। খুবই কষ্টের ঘটনা। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিশিতার অকাল মৃত্যুতে স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েন। স্থানীয়রা অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন, পাহাড়ি এলাকায় ছোট শিশুদের একা ঝিরি বা পানির কাছে যেতে না দিতে।