প্রকাশ :: ... | ... | ...

বাঘাইছড়িতে মোবাইল কোর্টের হানা মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় ২ ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা


সংযুক্ত ছবি

| ছবি: সালাউদ্দীন শাহিন

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রির দায়ে দুই দোকানিকে মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান। জানা যায়, অভিযানকালে উপজেলার দুটি ফলের দোকানে তল্লাশি চালিয়ে মেয়াদোত্তীর্ণ কেক, চিপস, মিষ্টিসহ বিভিন্ন খাদ্যপণ্য জব্দ করা হয়। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব পণ্য বিক্রি ও সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় দুই ব্যবসায়ীকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। ভোক্তাদের স্বাস্থ্য নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না। উপজেলা প্রশাসন জানায়, ভোক্তাদের স্বার্থ রক্ষা, বাজারে শৃঙ্খলা ফেরানো এবং নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট ও বাজার মনিটরিং অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবসায়ীকে আইন মেনে ব্যবসা পরিচালনা এবং ভোক্তাদের কাছে নিরাপদ পণ্য সরবরাহের আহ্বান জানানো হয়েছে।