প্রকাশ :: ... | ... | ...

কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে তায়কোয়ানডো প্রশিক্ষণ চালু, উদ্বোধন করলেন ৫৪ বিজিবির অধিনায়ক


সংযুক্ত ছবি

পার্বত্য এলাকার শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং আত্মরক্ষায় দক্ষ করে গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি মহাপরিচালক মহোদয়ের দিকনির্দেশনায় এবং মারিশ্যা জোনের সুযোগ্য জোন কমান্ডার ও কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের চেয়ারম্যান লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি মহোদয়ের সার্বিক সহযোগিতায় স্কুলের শিক্ষার্থীদের জন্য তায়কোয়ানডো প্রশিক্ষণ চালু করা হচ্ছে। তায়কোয়ানডো একটি জনপ্রিয় কোরীয় মার্শাল আর্ট, যা দক্ষিণ কোরিয়ার জাতীয় খেলা এবং ২০০০ সাল থেকে অলিম্পিকের আনুষ্ঠানিক ইভেন্ট হিসেবে অন্তর্ভুক্ত। এটি শুধু আত্মরক্ষার কৌশলই শেখায় না, বরং শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, আত্মবিশ্বাস, ধৈর্য, মনোযোগ ও শারীরিক সক্ষমতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই প্রশিক্ষণ প্রদানের জন্য বিজিবির একজন দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষক বাইরে থেকে এসে শিক্ষার্থীদের নিয়মিত প্রশিক্ষণ প্রদান করবেন। প্রশিক্ষণের সময়সূচি: প্রতি শুক্রবার ও শনিবার সকাল ৮:০০ টা থেকে ৯:৩০ টা পর্যন্ত। এ সময় কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের প্রধান শিক্ষক হোছাইন আহমদ সাজু বলেন, এটি আমাদের স্কুলের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। জোন কমান্ডার স্যারের এই উদ্যোগে আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। এই প্রশিক্ষণের ফলে শিক্ষার্থীরা মোবাইল আসক্তি থেকে বেরিয়ে শারীরিক চর্চায় মনোযোগী হবে এবং তাদের মধ্যে আত্মবিশ্বাস অনেক গুণ বেড়ে যাবে বলে আমরা আশা করছি। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও আত্মরক্ষার দক্ষতা গড়ে উঠবে এবং তারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য বয়ে আনবে বলে আশা প্রকাশ করছি। এ বিষয়ে মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, আমাদের লক্ষ্য শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, একজন শিক্ষার্থীকে শারীরিক ও মানসিকভাবে স্মার্ট, সাহসী ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা। তায়কোয়ানডো প্রশিক্ষণের মাধ্যমে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা আত্মরক্ষার পাশাপাশি শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলী অর্জন করবে। বিজিবি সবসময় পার্বত্য এলাকার শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে।