প্রকাশ :: ... | ... | ...

পার্বত্য জেলায় সকলের ঐক্যবদ্ধ বসবাস আর উৎসব নতুন মাত্রা যোগ করে- সংসদ সদস্য সাচিং প্রু জেরী


সংযুক্ত ছবি

| ছবি: কৌশিক দাশ

নানা ধর্মীয় আয়োজনে উৎসবমুখর পরিবেশে বান্দরবানে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উদযাপন করা হয়েছে। রথযাত্রা উপলক্ষ্যে ১৬ জুলাই (বৃহস্পতিবার) সকালে বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দিরে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার শুরু হয়। এই উপলক্ষে দিনব্যাপী চলে শ্রী শ্রী জগন্নাথদেবের পূজা অর্চনা, হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় গীতা পাঠ, আলোচনা সভা,আরতি কীর্তন, ভাগবত কথা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণসহ নানা আয়োজন। প্রতি বছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা অনুষ্ঠিত হয় আর রথযাত্রা উপলক্ষে বান্দরবানে বিভিন্ন ধর্মীয় সংগঠন,মন্দির এবং আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে। পরে দুপুর ৩টায় বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দিরে সামনে রথযাত্রা উপলক্ষ্যে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে রথযাত্রা’র উদ্বোধন করেন বান্দরবান ৩০০নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বান্দরবান ৩০০নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেন, পার্বত্য জেলায় সকলের ঐক্যবদ্ধ বসবাস আর উৎসব নতুন মাত্রা যোগ করে। এখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর বসবাস আর একে অন্যের উৎসবে যোগ দিয়ে উৎসবকে আরো প্রাণবন্ত করে তোলে। সংসদ সদস্য সাচিং প্রু জেরী আরো বলেন, প্রতিকুল আবহাওয়ায় মধ্য দিয়ে সনাতনী সমাজের আজকের এই উপস্থিতি ও রথযাত্রা উৎপাদন আমাদের নতুনভাবে উজ্বীবিত করেছে। এসময় তিনি আরো বলেন, বর্তমান সরকার সকল ধর্মের উন্নয়নে কাজ করে যাচ্ছে, আগামীতেও করে যাবে। এসময় বান্দরবানের জেলা প্রশাসক মো.সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার, বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দিরের আহবায়ক নিখিল কান্তি দাশ, সদস্য সচিব আনন্দ দাশ, রথযাত্রা উৎসব উদযাপন কমিটির সভাপতি সুজন কান্তি দাশ, সাধারণ সম্পাদক মিন্টু আইচসহ প্রশাসনের বিভিন্ন উর্ধতন কর্মকর্তা এবং সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্বের শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে রথ টেনে নিয়ে যাওয়া হয় বালাঘাটা শ্রী শ্রী রক্ষা কালী মন্দির প্রাঙ্গনে,আর এসময় বান্দরবানের সনাতনী সমাজের ধর্মপ্রাণ নারী ও পুরুষেরা মহা মাঙ্গলিক এই আয়োজনে অংশগ্রহণ করেন এবং রথের দড়ি টেনে টেনে পূর্ণ্য লাভে অংশ নেন। আগামী ২৪জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের এই রথযাত্রা উৎসবের সমাপ্তি ঘটবে।