বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে আজিজনগর ফাঁড়ির পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হামিদুল ইসলাম। বুধবার, ২৩ সেপ্টেম্বর দুপুর দুইটার দিকে আজিজনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ইসলামপুরে এই ধর্ষণের ঘটনা ঘটে। আটক দুইজন হচ্ছে ইসলামপুর আতিক্কা পাড়া এলাকার আব্দুস সালামের ছেলে নুরুল কবির (১৪) এবং আরেক জন নুরুল আমিন বৈদ্দর ছেলে নাজিমুল ইসলাম(১২)। পুলিশ ও স্থানীয় সূত্রে পাওয়া যায়, দুপুর দুইটার দিকে খাওয়া দাওয়া শেষে ভিকটীমের মা মেয়েকে পাশের বাসায় রেখে মাদ্রাসা পড়ুয়া ছেলেকে মাদ্রাসা থেকে আনতে যায়। মেয়েটি বাড়ির পাশে অন্যান্য ছোট ছোট মেয়েদের সাথে খেলছিল। তখন অভিযুক্ত দুই জনে তাকে খেলা থেকে ডেকে নিয়ে পাশের একটি বাগানে ধর্ষণ করে। মেয়েটির প্রচুর ব্লিডিং হওয়ায় সাথে সাথে তাকে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয় বলে জানান আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হামিদুল ইসলাম। লামা থানার অফিসার ইনচার্জ কায়সার হামিদ জানান, এই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে এবং আইনগত কার্যক্রম চলমান রয়েছে।