| ছবি: কৌশিক দাশ
বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে গ্রাউস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে বান্দরবান সদর ইউনিয়নের গোয়ালিখোলা ও রোয়াজা পাড়ার বন্যাকবলিত পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকালে বান্দরবান সদর ইউনিয়নের রোয়াজা পাড়ার দুর্যোগ আশ্রয়কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বান্দরবান ৩০০নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী এমপি। এসময় সদর ইউনিয়নের গোয়ালিখোলা ও রোয়াজা পাড়ার ১১৪টি ক্ষতিগ্রস্থ পরিবারের প্রত্যেককে নগদ ৮ হাজার টাকা, বিশুদ্ধ খাবার পানি এবং বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়। আয়োজকেরা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি প্রয়োজন বিবেচনায় এই সহায়তা দেওয়া হয়েছে যাতে তারা দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় কিছুটা স্বস্তি পায়। এসময় জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাচ প্রু,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ডাইরেক্টর (সিসিএ) দোলন জোসেফ গোমেজ, ওয়ার্ল্ড ভিশনের বাংলাদেশ এর স্টার্ট ফান্ড রেসপন্স প্রকল্পের ম্যানেজার মো. রুহুল আমিন, টেকনিক্যাল অফিসার মো.আব্দুল আজিজ, গ্রাউস এর চেয়ারম্যান মংথোয়াইচিং মার্মা, রেইচা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মো.শহিদুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা-কর্মচারী,গণমাধ্যমকর্মী এবং এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বন্যাকবলিত পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেন, এবারের বন্যা বান্দরবানবাসীকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ করেছে। কারো ঘর পানিতে ডুবেছে,কারো ঘরে পাহাড় ভেঙ্গে পড়েছে, আর কারো ঘরে নদীর পানি ঢুকে ঘরবাড়ী একেবারে বিধস্ত হয়ে পড়েছে। এসময় তিনি আরো বলেন, বন্যা পরবর্তী সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের নানাভাবে সহায়তা করা হয়েছে এবং এখনো তা অব্যাহত রয়েছে। এসময় সংসদ সদস্য সাচিং প্রু জেরী আরো বলেন, বন্যা পরর্বতী গ্রাউস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ যৌথ উদ্যোগে বান্দরবানের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্থদের তালিকা প্রণয়ন করেছে এবং প্রকৃত ক্ষতিগ্রস্থদের হাতে নগদ টাকা ও বিভিন্ন সামগ্রী তুলে দিয়ে প্রশংসনীয় কাজ করেছে। এসময় সংসদ সদস্য সাচিং প্রু জেরী সমাজের বিত্তবানদের গরীব ও অসহায়দের পাশে দাড়ানোর আহবান জানান এবং সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে বাংলাদেশ আরো এগিয়ে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে গোয়ালিখোলা ও রোয়াজা পাড়ার ১১৪টি ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে নগদ ৮ হাজার টাকা, বিশুদ্ধ খাবার পানি এবং বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন অতিথিরা।