প্রকাশ :: ... | ... | ...

বান্দরবানে মা ও শিশু কল্যাণ কেন্দ্রতে ২৪ ঘণ্টা চালু হলো জরুরি প্রসূতি ও নবজাতক সেবা


সংযুক্ত ছবি

| ছবি: সংগৃহীত

বান্দরবানে ২৪ ঘণ্টা জরুরী প্রসূতি ও নবজাতক সেবা চালু করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রতে এই সেবার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান মাম্যাচিং। এসময় ২৪ ঘণ্টা জরুরী প্রসূতি ও নবজাতক সেবা চালু উপলক্ষ্যে জেলা সদরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিবার পরিকল্পনা বিভাগের বান্দরবান কার্যালয়ের উপ-পরিচালক লেলিন তালুকদার এসময় সভায় সভাপতিত্ব করেন। এসময় পার্বত্য জেলা পরিষদের সদস্য লুসাই মং, সদস্য এ্যাড.উম্যাচিং,ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা.দীলিপ কুমার দেবনাথ, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার বুলবুল আক্তার সেতু, পরিবার পরিকল্পনা বিভাগের বান্দরবান কার্যালয়ের সাবেক উপ-পরিচালক ডা.অং চালু, মা ও শিশু কল্যাণ কেন্দ্র এর মেডিকেল অফিসার ডা.কামরুল মনির রিবন, গ্রীনহিল রাঙ্গামাটি অফিসের প্রকল্প পরিচালক সাইলুমং, ইউএনএফপির প্রোগ্রাম এনালিস্ট সামসুজ্জানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা,বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং স্বাস্থ্যকর্মী ও বিশেষজ্ঞ চিকিৎসকরা এসময় উপস্থিত ছিলেন। সভায় আয়োজকেরা জানান, জাতিসংঘ জনসংখ্যা তহবিল এর সহযোগিতায় এবং গ্রিন হিলের বাস্তবায়নে এই সেবা কার্যক্রম চালু করা হয়েছে। নতুন এই সেবার আওতায় এখন থেকে দিন-রাত ২৪ ঘণ্টা প্রসুতি ও নবজাতকের জরুরি চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকার গর্ভবতী নারী ও নবজাতকদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা। বিশেষ করে প্রসবকালীন জটিলতা, জরুরি প্রসূতি সেবা এবং নবজাতকের প্রয়োজনীয় চিকিৎসা দ্রুত নিশ্চিত করার মাধ্যমে মা ও শিশুর মৃত্যুঝুঁকি কমানোই এই কার্যক্রমের অন্যতম লক্ষ্য,আর ২০৩০ সালের মধ্যে সারাদেশে ৭০ শতাংশে নামিয়ে আনা সম্ভব হবে। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান মাম্যাচিং প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এই ধরণের উদ্যোগ গ্রহণ করে বান্দরবানে ২৪ ঘণ্টা জরুরী প্রসূতি ও নবজাতক সেবা চালু করায় আয়োজকদের কৃতজ্ঞতা প্রকাশ করেন। চেয়ারম্যান মাম্যাচিং বলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ বান্দরবানবাসীর স্বাস্থ্য সেবার উন্নয়নে কাজ করে যাচ্ছে আর আগামীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে কাজ করবে।