| ছবি: সংগ্রহীত
“সবার জন্য সুরক্ষা, সবার জন্য সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে সামাজিক নিরাপত্তা সেবা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক মো.সানিউল ফেরদৌস। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মিলটন মুহুরী এর সভাপতিত্বে এসময় সমাজসেবা অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক মো.শহীদুল ইসলাম, বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হীরামনি, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। সামাজিক নিরাপত্তা সেবা উৎসবে এসময় সদর উপজেলা সমাজসেবা অফিসার সত্যজিৎ মজুমদার, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা, সমাজসেবা বিভাগের কর্মচারী এবং বিভিন্ন ভাতা ও সেবা প্রাপ্ত উপকারভোগীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন,সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজসেবা বিভাগ বিভিন্ন ধরনের সেবা কার্যক্রম বাস্তবায়ন করে দেশের উন্নয়ন তরান্বিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এসময় বক্তারা আরো বলেন, সমাজসেবা অধিদপ্তরের আওতায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, প্রতিবন্ধী ভাতা, অনগ্রসর জনগোষ্ঠীর ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি, ক্যাপিটেশন গ্র্যান্টসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে আর এর ফলে প্রকৃত ব্যক্তিরা সামাজিক বিভিন্ন সুযোগ পাচ্ছে।