| ছবি: সংগ্রহীত
বোয়ালখালীতে বিসমিল্লাহ ফেব্রিকস লিমিটেড কারখানায় চোর সন্দেহে পিটুনিতে অজ্ঞাত এক যুবককের মৃত্যু হয়েছে। তার নাম-পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৩২ বছর। এ ঘটনায় কারখানার কর্মকর্তা তিনজনকে আটক করেছে পুলিশ। রবিবার (২৪ মে) দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, কারখানার দায়িত্বরত ম্যানেজার (মানব সম্পদ) মো. মোশাররফ,সহকারি জেনারেল এডমিন হাফেজ মো: মনিরুল ইসলাম ও ডিউটি ইনচার্জ আমির হোসেনকে আটক করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষ আইনগত পদক্ষেপ নেওয়া হবে। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, আজ রবিবার ভোরে উপজেলার শাকপুরা মিলিটারি ব্রিজ এলাকার বিসমিল্লাহ ফেব্রিকস লিমিটেড কারখানার টিনের চালা কেটে ভেতরে প্রবেশ করে ওই যুবক। এসময় কারখানার লোকজন আটক করে তাকে খুঁটির সাথে বেঁধে দড়ি দিয়ে বেঁধে মারধর করে। এক পর্যায়ে সে নিস্তেজ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম বলেন, ভোর চারটার দিকে এক যুবককে চোর সন্দেহে কারখানায় আটক করে মারধর করা হয়েছে বলে জানতে পেরেছি। লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার, মোহাম্মদ তোফায়েল আহমেদ বলেন, বিসমিল্লাহ ফেব্রিকসের কর্মকর্তারা দুপুর ১২টার দিকে অজ্ঞাতনামা আনুমানিক ৩২ বছর বয়সী এক যুবককে নিয়ে আসা হলে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার শরীরের বিভিন্ন জখমের চিহ্ন রয়েছে। আমরা জখমগুলো নোট করেছি।