বোয়ালখালীতে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার(২১ এপ্রিল) সকাল ১০টায় একযোগে উপজেলার ৬ টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। এতে মোট ৩ হাজার ১৪৬ জন শিক্ষার্থী অংশ নেন। প্রথম দিনে অনুপস্থিত ছিল ১১জন শিক্ষার্থী। সকাল থেকেই কেন্দ্রগুলোর সামনে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় দেখা যায়।কেন্দ্রে প্রবেশের আগে কড়াকড়িভাবে তল্লাশি চালানো হয়। মোবাইল ফোনসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইসের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। কেন্দ্রের সার্বিক পরিবেশ, পরীক্ষার শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে কেন্দ্র পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক ও সহকারী কমিশনার (ভুমি) কানিজ ফাতেমা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক বলেন,শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা শুরু হয়েছে। কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সঙ্গে সঙ্গে নকল রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়।পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নজরদারি। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সিসি ক্যামেরার মাধ্যমে কেন্দ্র মনিটরিংসহ সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।