বিশ্বের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বোয়ালখালীতে এক উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৯ এপ্রিল) সকালে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজিত সভা উপজেলা পরিষদের ‘স্বাধীনতা’ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাঈম হাসান। তিনি হালদা নদীর গুরুত্ব এবং মা মাছ ও রেণু সংরক্ষণে বর্তমান প্রকল্পের লক্ষ্য তুলে ধরেন। সেমিনারে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, বোয়ালখালী থানার এসআই আকবর হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রোমন তালুকদার, উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুনুর রশীদ এবং আনসার বিডিপি কর্মকর্তা শফিকুল ইসলাম। রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, জেলা বিএনপির সিনিয়র সদস্য শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইছহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান এবং সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম। আরও উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল্লাহ ও সদস্য সচিব নুরুল করিম নুরু। সেমিনারে বক্তারা বলেন, হালদা নদী আমাদের জাতীয় সম্পদ। মা মাছের ডিম ছাড়ার এই সময়ে নদীকে নিরাপদ রাখতে প্রশাসন, পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে অবৈধ ইঞ্জিনচালিত নৌকা এবং জাল ব্যবহারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণার আহ্বান জানানো হয়। সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের মধ্যে উপস্থিত উপস্থিত ছিলেন সাংবাদিক মোদ্দাছের, শাহ আলম বাবলু, রাজু বড়ুয়া, আবু নাঈমসহ জেলে পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন আসুতোষ দাশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সেমিনারে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, মৎস্য অধিদপ্তর চট্টগ্রামের বাস্তবায়নে এবং ‘হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়)’ এর অর্থায়নে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে হালদার মৎস্য সম্পদ রক্ষা আরও সুসংহত হবে।