| ছবি: সংগৃহীত
বোয়ালখালীতে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বোয়ালখালী থানার এএসআই(নিঃ)মোহাম্মদ আব্দুল হালিম বাদী হয়ে গত (৩০ আগস্ট) মামলাটি দায়ের করে। মামলায় আসামিরা হলেন,মোঃ জেবল হোসেন(২৪),মোঃ মহিউদ্দিন(২৭),সুমি আক্তার(৩২),শর্মি আকতার(২২), মহরম আলী(৪৩), ফাতেমা বেগম(২২)। পুলিশ জানায়, উত্তর কালডেঙ্গার শিকদার বাড়ি এলাকার বাসিন্দা মহিউদ্দিন স্থানীয় আব্দুল মান্নানের দায়ের করা একটি সিআর মামলার আসামি। আদালতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। রবিবার রাত ১১টার দিকে পুলিশের একটি দল চরণদ্বীপ ইউনিয়নের মসজিদঘাটা এলাকায় মহিউদ্দিনকে গ্রেপ্তার করতে যায়। এ সময় মামলার বাদীও উপস্থিত ছিলেন। গ্রেপ্তারের সময় দুই পক্ষের ধস্তাধস্তি শুরু হয়, এতে মামলার বাদী সহ ৫ জন আহত হয়। হামলা ও ধস্তাধস্তির ঘটনায় আহতরা হলেন, এসআই আবদুল হালিম (৪৮), এএসআই মাসুম বিল্লাহ (৩৫), কনস্টেবল হাসানুজ্জামান (৩২), মামলার বাদী আবদুল মান্নান (৫৫) ও মোক্তার হোসেন (৪০)। স্হানীয় সূত্রে জানা যায়, মামলার এজহারভুক্ত ৫ নম্বর আসামি মহরম আলীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এলাকায় দুর্নীতি, চাঁদাবাজি এবং নিরহ মানুষদের হয়রানি করতো। স্থানীয় এলাকাবাসীরা মহরম আলীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ(ওসি)মোজাফফর হোসেন বলেন, আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গেলে পুলিশ সদস্যদের হাতে আঁচড় ও কামড় দিয়েছে। এ ঘটনায় মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মহিউদ্দিন ও অন্যজন তার আত্মীয় গ্রাম পুলিশ জেবল হোসাইন সহ ৫ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তার করার জন্য অভিযান চলছে।