শিরোনামঃ

মেয়ের বিয়ের স্বপ্নে রাখা তিন গরু হারিয়ে অসহায় পরিবারকে সহযোগিতার হাত বাড়াল মহালছড়ি জোন

শফিক ইসলাম
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার শান্তিনগর গ্রামে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনটি গরু মারা যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে মহালছড়ি জোন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে মহালছড়ি জোনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সহযোগিতা তুলে দেওয়া হয়। আকস্মিক এই দুর্ঘটনায় সর্বস্ব হারানো পরিবারের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এর আগে রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে শান্তিনগর এলাকায় ১১ হাজার কেভি বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে স্থানীয় দিনমজুর সুমের আলীর গোয়ালঘরের ওপর পড়ে। এতে বিদ্যুৎ সংযোগ থেকে গোয়ালঘরে বিস্ফোরণ ও আগুনের সৃষ্টি হয়। এ সময় গোয়ালঘরে থাকা তিনটি গরু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

স্থানীয়রা জানান, গরুগুলো সুমের আলীর পরিবারের জন্য শুধু গবাদিপশু ছিল না ছেলেহীন পরিবারের মেয়ের বিয়ের স্বপ্ন ও ভবিষ্যতের অন্যতম সম্বল। ছেলেহীন পরিবারটি দীর্ঘদিন ধরে কষ্ট করে গরুগুলো লালন-পালন করছিল।হঠাৎ এমন দুর্ঘটনায় প্রায় আড়াই লাখ টাকা মূল্যের তিনটি গরু হারিয়ে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়ে।

ঘটনার পর পরিবারটির অসহায়ত্ব ও ক্ষতির বিষয়টি স্থানীয়ভাবে আলোচনায় আসে। এ অবস্থায় মঙ্গলবার সকালে মহালছড়ি জোনের পক্ষ থেকে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-জাবির আসিফ পিএসসি উদ্যোগে পরিবারটির পাশে দাঁড়িয়ে সহযোগিতা করা হয়।

সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, পাহাড়ের দুর্গম এলাকায় সাধারণ মানুষের সুখে-দুঃখে সেনাবাহিনীর এমন সহযোগিতা অসহায় মানুষের মনে আস্থা ও সাহস জোগায়।

স্থানীয়দের ভাষ্য, তিনটি গরু হারানোর ক্ষতি কোনো সহযোগিতাতেই পুরোপুরি পূরণ হওয়ার নয়। তবে বিপদের সময়ে একটি পরিবারের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় মানবিকতা। তারা একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য সরকারি পর্যায় থেকেও প্রয়োজনীয় সহায়তা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করার আহ্বান জানান।

মহালছড়ি জোনের এমন মানবিক উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে। তাদের চোখের পানি হয়তো পুরোপুরি শুকায়নি, তবে দুঃসময়ে পাশে দাঁড়ানোর মানুষের হাতটি তাদের নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস জুগিয়েছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

// Facebook Graph API URL