| ছবি: এমকে হামিদ
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে মহেশখালীতে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির দাবিতে মানববন্ধন, মৌন মিছিল ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৪টায় আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) মহেশখালী শাখার উদ্যোগে উপজেলার প্রবেশদ্বার উত্তর নলবিলা উচ্চ বিদ্যালয়ের পাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। “এখনই নবায়নযোগ্য জ্বালানির দাবিতে” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, কৃষক, শ্রমিক, জেলে, মৎস্যচাষী, রাজনৈতিক ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রধান অতিথি কক্সবাজার জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ধরা'র জেলার যুগ্ম আহ্বায়ক এইচএম ফরিদুল আলম শাহীন। সভাপতিত্ব করেন চালিয়াতলী জামে মসজিদের খতীব, ইমাম ক্বারী ইসমাইল হোছাইন এবং ধরা মহেশখালী শাখার কো-অর্ডিনেটর সাংবাদিক মোঃ কাইছার হামিদ এর সঞ্চালনায় মহেশখালীর প্রবেশদ্বার উত্তর নলবিলা উচ্চ বিদ্যালয়ের পাশে অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধরার কক্সবাজার জেলার যুগ্ম আহ্বায়ক শামশুল আলম শ্রাবণ, জেলা ধরা'র সদস্য সাংবাদিক আব্দুস ছালাম কাকলী, জেলা ধরা'র সদস্য রিয়াজ উদ্দীন, চালিয়াতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল কাদের, মাওলানা আমজাদ হোছাইন। এছাড়াও উপস্থিত ছিলেন ধলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছালেহ আহমদ, ব্যবসায়ী নুরুল কবির, হাফেজ নুর মোহাম্মদ, বাদশা মিয়া সওদাগর, মাতারবাড়ীর সাদ্দাম হোছাইন, মোঃ কাসেম, লবণ চাষী জাকের হোছাইন প্রমূখসহ দ্বীপে মানুষ গড়ার কারীগর শিক্ষক-শিক্ষার্থী, কৃষক-শ্রমিক, জেলে, মৎস্য চাষী, রাজনৈতিক ব্যক্তি এবং বিভিন্ন পেশাজীবিরা। মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ জলবায়ু পরিবর্তনের কারণে নানামুখী সংকটের সম্মুখীন হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বন উজাড় রোধ, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির কোনো বিকল্প নেই। পরে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরিবেশ রক্ষার বার্তা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেয়। এ সময় অংশগ্রহণকারীরা পরিবেশ সচেতনতা, জলবায়ু ন্যায়বিচার, সবুজ পৃথিবী গঠন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন। কর্মসূচির শেষ পর্যায়ে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। বক্তারা বলেন, বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রত্যেক নাগরিককে বেশি বেশি গাছ লাগানো ও তার পরিচর্যায় এগিয়ে আসতে হবে। বক্তারা আরও বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকার বা কোনো প্রতিষ্ঠানের নয়; ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও টেকসই পৃথিবী গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য অর্জনে ভবিষ্যতেও জনসচেতনতা মূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ ও সর্বসাধারণ।