| ছবি: সংগৃহীত
কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানকে চোরের ছুরিকাঘাতে শিল্পী রানী শীল নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৭সেপ্টেম্বর) রাতে উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজীর পাড়া হিন্দুপাড়া এলাকার রবীন্দ্রনাথ শীলের বাড়িতে চুরির উদ্দেশ্যে অজ্ঞাত এক ব্যক্তি প্রবেশ করে বলে জানা গেছে। এ সময় বাড়ির নারী সদস্য শিল্পী রানী শীল বিষয়টি টের পেয়ে ওই ব্যক্তিকে ধরতে ‘চোর চোর’ বলে চিৎকার করতে থাকেন। চোর তকমা থেকে বাঁচতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তার স্বামী রবীন্দ্রনাথ শীলসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই মহেশখালী থানার ওসি তদন্ত প্রতুল কুমার এর নেতৃত্বে কালারমারছড়া পুলিশ ফাঁড়ির এসআই রাজু আহমদ গাজীসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তথ্য ও উপস্থিত এলাকাবাসীদের সাথে কথা বলেন। পরদিন ৮ সেপ্টেম্বর মহেশখালী থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে পুলিশের একটি ইউনিট ঘটনাস্থল পরিদর্শন ও চোরকে ধরতে এলাকাবাসীর সহযোগীতা কামনা করেন। স্থানীয়দের ভাষ্য সম্প্রতি চোরের উপদ্রব বাড়ছে! যানমালের নিরাপত্তা ছাড়াও জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন সাধারণ মানুষ। তারা আইনশৃঙ্খলা বাহিনীদের নিকট ওইসব চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবী জানান। মহেশখালী থানার ওসি মোঃ আবদুস সুলতান জানান, খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের আশ্বাস এবং জড়িত ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে আটকের অভিযান অব্যাহত রয়েছে।